
লিটন আহম্মেদ দিনাজপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি কলেজ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর নানা অজুহাতে ফরম পূরণের ফি বাড়িয়ে শিক্ষার্থীদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করছে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা দ্রুত ফরম পূরণের ফি যৌক্তিক পর্যায়ে আনার দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীরা আরও বলেন, “আমরা পড়ালেখার পাশাপাশি অতিরিক্ত ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিতে হবে, নইলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
অধ্যক্ষ স্মারকলিপি গ্রহণ করে শিক্ষার্থীদের দাবির বিষয়টি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।