
পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটি’ কর্তৃক জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে প্রায় চার শতাধিক চারা বিতরণ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর জুলাই মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জুলাই মঞ্চের যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তাওহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবাসী সদস্য প্রধান এইচ এম খান আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন।
সাংগঠনিক সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোছাইন, সহ-সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক এহসান হাবিব চৌধুরী, সহ-অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক তানজিদুল ইসলাম আরাফাত, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইমন রেজা সাজ্জাদ, এবং সদস্য তৌহিদুল ইসলাম সাঈদ, সোহেল মিয়া, সানজিদুল আরমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“তরুণ সমাজকে উৎসাহিত করে ইতিবাচক কাজে প্রভাবিত করতে হবে। আজ যারা বৃক্ষরোপণের মতো মহৎ কাজে অংশ নিয়েছে, তারা সমাজের আগামীর উজ্জ্বল নক্ষত্র। বিজ্ঞানসম্মতভাবে সবচেয়ে উপকারী গাছ হচ্ছে নিম গাছ, আর একাশি ও মেলেরিয়া গাছ আইনগতভাবে ক্ষতিকর ও নিষিদ্ধ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বৃক্ষরোপণ একটি সদকায়ে জারিয়া।”
প্রধান মেহমান বলেন,“প্রতি বছর পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটি চারা বিতরণ ও বৃক্ষরোপণের মতো কার্যক্রম করে থাকে। মসজিদ, মাদ্রাসা ও স্কুলে সদস্যদের মাধ্যমে চারা পৌঁছে দেওয়া হয়েছে। গাছ মানুষ ও প্রাণীর উপকারে আসে, আর এতে থাকে অফুরন্ত সওয়াব। আলোকিত সমাজ গঠনে শিক্ষিত তরুণদের মানব ও দেশের সেবায় এগিয়ে আসতে হবে।”
সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন,“যে চারা দেওয়া হয়েছে, তা যত্ন সহকারে রোপণ করে বেড়ে তুলুন। গরু-ছাগল বা ছোট শিশুদের থেকে রক্ষা করতে চারাগুলো ঘেরাও করে রাখার অনুরোধ করছি। প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।”
অনুষ্ঠান শেষে প্রবাসী সদস্যদের সহযোগিতা স্মরণ করে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।