
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও কাইল জেমিসন। মূলত দক্ষিণ আফ্রিকা টেস্টের কথা বিবেচনা করে তাদের সরিয়ে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট ।
এদিকে তাদের বদলে দলে ডাক পেয়েছেন রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। আর উইলিয়ামসনের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। দলের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘আমরা চাই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া টেস্টের আগে কেন উইলিয়ামসন ও কাইল জেমিসন ফিট থাকুক। মেডিক্যাল স্টাফ ও প্লেয়ারদের সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা তাদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ইনজুরির কারণে এ বছরের বেশ খানিক সময় মাঠের বাইরে থেকেছেন উইলিয়ামসন। বিশ্বকাপেও কয়েকটা ম্যাচ ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। তাই তাকে পুরোপুরি ফিট হওয়ার সুযোগ করে দিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ ডিসেম্বর। মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় ম্যাচ ২৯ ডিসেম্বর, শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর।