
বাংলাদেশ বেতারের শ্রোতা অংশগ্রহণ বাড়াতে প্রয়োজন আধুনিক কনটেন্ট নির্মাণ, নিত্যনতুন উপস্থাপনা ধরন এবং শ্রোতাবান্ধব কর্মপরিকল্পনা—এ লক্ষ্যকে সামনে রেখে ‘শ্রোতা এনগেজমেন্ট বৃদ্ধি কৌশল’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ বেতার কেন্দ্র কুমিল্লা।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১১ টায় কুমিল্লা বেতার কেন্দ্রে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক (যুগ্ম-সচিব) জনাব মো. শাহ আলম বলেন, “ডিজিটাল যুগে বেতারকে আরও ইন্টারঅ্যাকটিভ হতে হবে। শ্রোতাদের মতামত ও অংশগ্রহণের জায়গা যত বাড়বে, বেতার তত জনপ্রিয় হবে।”
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাসুদা কামাল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। তারা দু’জনেই বেতারকে জনসম্পৃক্ত তথ্যসেবা ও সাংস্কৃতিক চর্চার অন্যতম মাধ্যম হিসেবে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক প্রকৌশলী জনাব ফারুখ আহমেদ ও আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক ড. তাপস চন্দ্র বোস। তারা প্রযুক্তিগত উন্নয়ন, প্রোগ্রাম বৈচিত্র্য ও শ্রোতাদের প্রতিক্রিয়া নেয়ার পদ্ধতি নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের সহকারী পরিচালক (অনুষ্ঠান) মো. ইমরান হোসেন। তিনি শ্রোতাদের আচরণ, বিভিন্ন বয়সের শ্রোতা অনুযায়ী কনটেন্ট পরিকল্পনা, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন ও মাঠপর্যায়ের ক্লাব কার্যক্রম সক্রিয় করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য।
সেমিনারে দৈনিক কুমিল্লার জমিন সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক রূপসী বাংলা-র সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, সাপ্তাহিক অভিবাদন-এর সম্পাদক আবুল হাসনাত বাবুল, বিশিষ্ট বাচিকশিল্পী ও সনাকের সাবেক সভাপতি বদরুল হুদা জেনু, বীর মুক্তিযোদ্ধা ও ছড়াকার জহিরুল হক দুলাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবু শামা ও সাধারণ সম্পাদক চৌধুরী মাছাবিহ্সহ বেতার শ্রোতা ক্লাবের সদস্য, শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তারা অংশ নেন।