
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ও দুপুরে এ মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের দহগ্রামে সকাল ১০টার দিকে বাবু ইসলামের দুই বছরের ছেলে সামিউল ইসলাম বাড়ির পাশের পূণর্ভবা নদীতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করলেও তখনই তার মৃত্যু হয়।
অন্যদিকে দুপুর ১টার দিকে বিজোড়া ইউনিয়নের মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামে গোসল করতে গিয়ে দুই কিশোরী পানিতে ডুবে মারা যায়। তারা হলেন—
ইসরাত জাহান রাফা (১৩), লিটন ইসলামের মেয়ে ও তেঘরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী
মিম আকতার (১২), আফজাল হোসেনের মেয়ে ও রঘুপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
প্রতিবেশী শাহআলমের পুকুরে গোসল করতে নেমে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।