রংপুর প্রতিনিধি: সমৃদ্ধ উলিপুর গঠনের লক্ষ্যে রংপুরস্থ উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৭টায় আল আযহার মাদরাসা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
আল মাহমুদ আসাদের সঞ্চালনা ও অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাও. আজগর আলী, আহ্বায়ক রংপুরস্থ উলিপুর উন্নয়ন ফোরাম; ডা. জাহিদুল ইসলাম, সদস্য সচিব রংপুরস্থ উলিপুর উন্নয়ন ফোরাম; নুরুল হুদা, সভাপতি ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগরী; অধ্যাপক বাদল খন্দকারসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সালেহী বলেন, আমরা একটি সমৃদ্ধ উলিপুর গড়তে চাই। এমন একটি উলিপুর গড়তে চাই যেখানে ক্ষুধা ও দারিদ্র্যতা থাকবে না, বেকারত্ব থাকবে না, চিকিৎসাার অভাবে মানুষ মারা যাবে না, একজন মানুষও গৃহহীন থাকবে না এবং শিক্ষিত এবং দক্ষ উলিপুর গড়তে চাই। উন্নয়নের মূল লক্ষ্য হবে শিক্ষা, স্বাস্থ্য ও তরুণ প্রজন্মের কর্মসংস্থান। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বে কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৈষম্য,জুলুম ও বিদ্বেষ মুক্ত একটি উলিপুর গড়তে চাই। এসময় তিনি উলিপুরের সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।