
কুড়িগ্রামের রৌমারীতে একটি ফিলিং স্টেশনের অটোগ্যাস লাইন ছিদ্র হয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঘটনায় সকল কার্যক্রম স্থগিতের জন্য সিলগালা করেছে প্রশাসন। রোববার দুপুর ২টার দিকে উপজেলার থানা মোড় সংলগ্ন এলাকায় ফিলিং স্টেশন সিলগালা করা হয়েছে।
নোটিশে বলা হয়, মেসার্স বয়েজ উদ্দিন অটোগ্যাস অ্যান্ড ফিলিং স্টেশন নামক এলপিজি অটোগ্যাস স্টেশন স্থাপনের জন্য বিস্ফোরক পরিদপ্তরে ২০২৪ সালের ৩১ জুলাইয়ে প্রাথমিক নকশা অনুমোদন করা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত স্থানে মাটি ভরাট, অফিস ও অন্যান্য স্থাপনা নির্মাণ, কক্ষ নির্মাণসহ গ্যাসাধার ও ডিসপেন্সিং ইউনিট স্থাপনের জন্য প্রাথমিক নকশা অনুমোদন প্রদান করা হয় এবং উক্ত গ্যাসাধারে এলপিজি মজুদসহ মোটরযানে এলপিজি সরবরাহ না করার জন্য শর্ত আরোপ করা হয়। উক্ত শর্ত অমান্য করে প্রাঙ্গণে স্থাপিত গ্যাসাধারে ৩১ অক্টোবরের এলপিজি মজুদসহ মোটরযানে এলপিজি ভর্তি কার্যক্রম শুরু করে। পরে ৭ নভেম্বর রাত ৮টা ৪০মিনিটে গ্যাসধারের পাম্প ও মোটরের সংযোগ স্থলের অয়েল সেল ফেটে গ্যাস বিস্ফোরণ হয় এবং এলাকায় জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়।
রংপুর সহকারী বিস্ফোরক পরিদর্শক অশোক কুমার দাস জানান, বিস্ফোরক পরিদপ্তরের প্রাথমিক নকশা অনুমোদনপত্রে উল্লেখিত শর্ত ভঙ্গ ও লাইসেন্স গ্রহণ না করেই গ্যাসাধারে এলপিজি মজুদসহ মোটরযানে এলপিজি সরবরাহের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান ও থানার ওসি সেলিম মালিকের উপস্থিতি অটোগ্যাস স্টেশনের সকল কার্যক্রম স্থগিতের জন্য সীলগালা করা হয়েছে।#