কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসার শারীরিক শিক্ষা শিক্ষক মো. আব্দুল হান্নানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ফের অবস্থান কর্মসূচি পালন করেছে। নারী কেলেঙ্কারি, প্রাইভেট টিউশন বাণিজ্য, ফ্যাসিবাদী সরকারের অনুগামী হওয়া এবং পরীক্ষায় বৈষম্যের অভিযোগে রবিবার দুপুর ৩টায় মাদ্রাসার শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এক শিক্ষার্থী, সুমাইয়া, ক্ষোভ প্রকাশ করে বলেন, "ওনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসছে না কেন?"
অবস্থান কর্মসূচিতে আলিম শ্রেণির শিক্ষার্থী আকাশ বলেন, "আমরা দীর্ঘদিন ধরে হান্নান স্যারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি। আমাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা না হলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। প্রয়োজনে প্রতিটি ক্লাসে তালা ঝুলবে।"
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ নৌশাদ আলম বলেন, "বিষয়টি আইনগত প্রক্রিয়ায় রয়েছে। আমি এ নিয়ে কিছু বলতে পারি না।"
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানান, "বিষয়টি আমার জানা নেই। প্রিন্সিপাল আমাকে জানাক। আমি ইউএনও স্যারকে বলব, তিনি বিষয়টি দেখবেন ।"
এর আগেও শিক্ষার্থীরা একাধিকবার ক্লাস বর্জনসহ অবস্থান কর্মসূচি পালন করেছে। দীর্ঘদিন ধরে অভিযোগের সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা এবার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। পরিস্থিতি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে সবাই।