
শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা ও হলের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে রোববার (১৬ মার্চ) রাতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তাঁরা হলে যান। এসময় উপস্থিত ছিলেন সহকারী হল প্রভোস্ট মো. আল-ফাহাদ ভূঁইয়া।
শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে তাঁদের খোঁজ নেন তারা। হলের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি কথা শোনেন। এ সময় হলের ডাইনিং, টিভি রুম, পেপার রুম ও গণরুমেও যান এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
গণরুমের শিক্ষার্থী ও সমাজকর্ম বিভাগের ছাত্র সোহেল রানা বলেন, “আমাদের গণরুমে এসে যখন উপাচার্য স্যাররা কথা বললেন, তখন সত্যিই একটা ভালো লাগা কাজ করছিল। আমাদের দুঃখ-দুর্দশা তাঁরা সরাসরি শুনেছেন,এটা আমাদের আশার জায়গা তৈরি করে।”
একই বিভাগের আরেক শিক্ষার্থী হাসিব মিয়া বলেন, “হলের নানা সংকট আছে, যা দীর্ঘদিনের। প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা যখন নিজের চোখে এসব দেখলেন, আমাদের কথা শুনলেন, তখন মনে হলো, হয়তো এবার পরিবর্তন আসবে।”
শিক্ষার্থীদের অনেকেই বলেন, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে তাঁদের পাশে দাঁড়ানোয় তাঁরা খুশি। তবে তাঁরা চান, প্রশাসন শুধু শুনেই নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের জীবনযাত্রার মানোন্নয়ন করবে।
এ ধরনের আকস্মিক পরিদর্শনের ফলে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং হলের ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের।