
মোঃ রিয়াদ প্রধান
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবাসহ মো. আব্দুর রাজ্জাক শেখ (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার শয়নকক্ষ থেকে ইয়াবা ট্যাবলেট এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলামের নেতৃত্বে একটি দল দক্ষিণ কাজিবাড়ী সন্ধেলা গ্রামে অভিযুক্তের বাড়িতে অভিযান চালায়।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক শেখ ওই গ্রামের মৃত আজিজার রহমান শেখ ও মোয়াঃ আমিনা বেওয়ার ছেলে। অভিযানে তার বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ২২ গ্রাম) এবং ইয়াবা বিক্রির নগদ ১,২০০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের বাজারমূল্য আনুমানিক ৬৭,২০০ টাকা।
অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. আবুল কাশেম এবং কয়েকজন সিপাহী অংশ নেন। স্থানীয় দুইজন প্রত্যক্ষদর্শীকে সাক্ষী হিসেবে অভিযানে অন্তর্ভুক্ত করা হয়। উদ্ধারকৃত ইয়াবার একটি অংশ রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং বাকি অংশ সিলগালা করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, এর আগেও তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় একটি মাদক মামলা (এফআইআর নং-৩১/১৩১, তারিখ: ৩১ মে ২০২৪) রয়েছে।
মামলার তদন্ত পরিচালনা করছে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।