
মোঃ রিয়াদ প্রধান
গাইবান্ধা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ ১৫ জুলাই ২০২৫ তারিখে সাদুল্লাপুর উপজেলা পরিদর্শন করেন।
জেলা প্রশাসককে সাদুল্লাপুর উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ অনিক ইসলাম, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজউদ্দীন আহমেদ এবং অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা জেলার উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে জেলা প্রশাসককে অবহিত করেন।
দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণের সেবায় আরও কার্যকর ও দায়বদ্ধ থেকে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
তিনি উপজেলা পরিষদ চত্বর পরিদর্শন করে নাগরিক সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সফর শেষে স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজ জেলা প্রশাসকের এ পরিদর্শনকে সাদুল্লাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।