
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের আট শতাধিক নতুন শিক্ষার্থী অংশ নেন।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দ্যা গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট অ্যান্ড পার্ক–এর অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি শেখ রিয়াদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. রাজিবুর রহমান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মহিউদ্দিন খান, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রাজিবুর রহমান পলাশ বলেন,
“আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, তারপরই কেউ শিবিরে আসে। আমরা চাই, আপনারাও প্রশ্ন করুন —আমরা উত্তর দিয়েই আপনাদের শিবিরে স্বাগত জানাবো।”
তিনি আরও বলেন,
“আমার বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ পরিবার থেকেই আমার বেড়ে ওঠা। তারপরও আমি আদর্শে বিশ্বাসী হয়ে শিবিরে যুক্ত হয়েছি। শিবির নৈতিক চরিত্রবান ও যোগ্য প্রজন্ম গঠনে কাজ করছে।”
এসময় ডাকসুর এজিএস মহিউদ্দিন খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ার গাইডলাইন ও ব্যক্তিত্ব উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।