এশিয়ান গেমসে রীতিমতো ইতিহাস গড়েছে নেপাল। পাশাপাশি একাধিক রেকর্ডেও নাম তুলেছে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশন এশিয়া কাপে খেলা দলটি। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ৩ শতাধিক রান করার কীর্তি গড়েছে তারা। একই সঙ্গে এই ফরম্যাটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ও পেয়েছে দলটি। পাশাপাশি ক্রিকেটের এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরি ও ফিফটির রেকর্ডেও নাম লিখিয়েছে দলটির ক্রিকেটাররা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) হ্যাংঝুর পিংফেং ক্যাম্পাসের ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৬৬ রানেই ফিরেন দুই ওপেনার। এরপর তিনে নেমে ঝোড়ো ইনিংসের শুরু করেন কুশল মাল্লা। ৫০ বলে ৮ চার ও ১২ ছক্কায় খেলেন ১৩৭ রানের মারকাটারি এক ইনিংস। এর আগে মাত্র ৩৪ বলেই তুলে নেন টি-টোয়েন্টি দ্রুততম সেঞ্চুরি। এতদিন ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক ছিলেন ডেভিড মিলার ও রোহিত শর্মা।
৬ ওভার বাউন্ডারি ও দুই বাউন্ডারিতে চারে নামা রোহিত পতিদার খেলেন ৩৭ বলে ৬১ রানের ইনিংস। এরপর পাঁচে নেমে ১০ বলে ৫২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন দিপেন্দ্র সিং। এর আগে, ৮ ছক্কায় ৯ বলে ফিফটির বিশ্বরেকর্ড গড়েন তিনি। এর আগে, ২০০৭ বিশ্বকাপে ১২ বলে ফিফটি হাঁকিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন যুবরাজ সিং।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নেপাল। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪১ রানেই গুঁটিয়ে যায় মঙ্গোলিয়া। এতে টি-টোয়েন্টিতে ২৭৩ রানের সবচেয়ে বড় জয় পায় নেপাল