
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এ একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে সেরা সাফল্য অর্জন করেছে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী।
উপজেলা ক্রীড়া সংস্থা ও শিক্ষা অফিসের আয়োজনে ২৩ ও ২৪ সেপ্টেম্বর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছেলেদের খেলা কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং মেয়েদের খেলা কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
মোট ১৪টি মাধ্যমিক বিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে সৈয়দ আবুল হোসেন একাডেমী ফুটবল বালিকা, কাবাডি বালক, দাবা বালিকা বড়, দাবা বালিকা মধ্যম ও দাবা বালক মধ্যম বিভাগে চ্যাম্পিয়ন হয়। এছাড়া কাবাডি বালিকা ও হ্যান্ডবল বালক বিভাগে রানার্স আপ হয়। সাঁতারে আরও ৫টি বিষয়ে পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল উল আরেফিন। এছাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান ও উপজেলা আইসিটি অফিসার আরিফুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে পুরস্কার হাতে ছাত্র-ছাত্রীদের আনন্দঘন ফটোসেশন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত থেকে আনন্দ ভাগাভাগি করেন।
ছাত্র-ছাত্রীরা জানান, এই পুরস্কার তাদের অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, “আমাদের ছাত্র-ছাত্রীরা কঠোর পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছে। জাতীয় পর্যায়েও যেন তারা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা।”