নজরুল বিশ্ববিদ্যালয়ে এমডিএস প্রোগ্রামের রিইউনিয়ন অ্যান্ড অ্যালামনাই মিট অনুষ্ঠিত
- সময়: ১২:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩১

জাককানইবি প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামের (উইকেন্ড) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও অ্যালামনাই মিলনমেলা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন সিদ্দিকী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক অলি উল্লাহ।
এমডিএস প্রোগ্রামের বর্তমান পরিচালক তানজিল হোসেন বলেন, “রি-ইউনিয়ন ও অ্যালামনাই মিট ২০২৫” এর মূল উদ্দেশ্য ছিল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা। এমডিএসের প্রায় ৮০% শিক্ষার্থী বর্তমানে দেশ ও বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত। এ নেটওয়ার্ক বর্তমান শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশক ও সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে উন্নয়নমুখী বিষয়সমূহকে সমন্বয় করে এমডিএসের কারিকুলাম তৈরি করা হয়েছে, যা প্রোগ্রামের মর্যাদা আরও বাড়িয়ে তুলছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী, সহযোগী অধ্যাপক আজিজুর রহমান, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, নাজমুল হাসান, হারুনুর রশীদ, গাজী আরাফাত উজ জামান মার্কনি ও তানজিল আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, উন্নয়ন শিক্ষার শিক্ষার্থীরা সমাজের জন্য গবেষণা, নীতি প্রণয়ন এবং বাস্তবভিত্তিক কর্মপদ্ধতি প্রণয়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
মিলনমেলায় অংশ নেন এমডিএস প্রোগ্রামের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং উন্নয়ন খাতের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।




















