উলিপুরে আগাম বন্যা মোকাবেলায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- সময়: ০৮:৪২:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১১৯

শাজাহান খন্দকার
স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম
“স্থানীয় জনগোষ্ঠীর জন্য বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি” শীর্ষক কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামের উলিপুরে।
রবিবার (২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় প্রভাতী প্রকল্প–ডিডিএম কম্পোনেন্টের উদ্যোগে স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সহযোগিতায় ইফাদ (IFAD) ও রাইমস (RIMES)।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ওয়াদুদুর রহমান, প্রোগ্রামার, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর; এবং মো. আব্দুল মতিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কুড়িগ্রাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিতাই চন্দ্র দে সরকার, পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও প্রকল্প সমন্বয়ক।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ অনিক, জিআইএস স্পেশালিস্ট, প্রভাতী প্রকল্প–ডিডিএম কম্পোনেন্ট। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্যপ্রযুক্তি ও আধুনিক সতর্কবার্তা পদ্ধতি নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন।
বক্তারা বলেন, বন্যাপ্রবণ এলাকার জনগণের কাছে সময়মতো সঠিক সতর্কবার্তা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে ঝুঁকি ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যার প্রকোপ ও অনিশ্চয়তা দিন দিন বাড়ছে—এই প্রেক্ষাপটে জনগণকে সচেতন ও প্রস্তুত রাখা এখন সময়ের দাবি বলে মত দেন তাঁরা।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রচারপত্র ও তথ্যবহুল সামগ্রী বিতরণ করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














