উলিপুরে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৫ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
- সময়: ০৯:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ৭৫

শাহজাহান খন্দকার
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে “টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৫” বিষয়ক উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হারুনর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক ব্যাকটেরিয়াজনিত রোগ যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। শিশুদের মধ্যে এ রোগের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে বেশি। তাই টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সভায় জানানো হয়, আগামী অক্টোবর মাসে সারাদেশের মতো উলিপুর উপজেলায়ও টাইফয়েড প্রতিরোধে ব্যাপক টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ৫ থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে এ টিকার আওতায় আনা হবে।
সভাপতির বক্তব্যে ডা. হারুনর রশিদ বলেন, “টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে আমরা শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে চাই। এজন্য স্বাস্থ্যকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।”
সভাটি আয়োজন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উলিপুর, কুড়িগ্রাম, সহযোগিতায় গ্যাভি (Gavi), PATH, ইউনিসেফ (UNICEF) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
সভা শেষে টাইফয়েড টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে করণীয় কর্মপরিকল্পনা নির্ধারণ ও অংশগ্রহণকারীদের মধ্যে দিকনির্দেশনা প্রদান করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














