উলিপুরে নকল সিগারেট তৈরির কারখানা সনাক্ত: সরঞ্জামসহ আটক ৪
- সময়: ১০:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ১০৮

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে গোপনে পরিচালিত একটি নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার (২১ জুলাই) বিকেলে গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে কারখানা থেকে চারজন কারিগরকে আটক করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের সন্দেহে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নকল ‘স্টার’ ব্র্যান্ডের সিগারেট তৈরির মোড়ক, কাঁচামাল, স্টিকার ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়। বাড়িটি মৃত সিরাজুল ইসলামের পুত্র আব্দুল মজিদ মন্ডলের বলে জানা গেছে, যিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সেখানে নকল সিগারেট তৈরি করে বাজারজাত করছিলেন।
আটককৃতরা হলেন—আবুল খায়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫) ও নজিয়ার রহমান (৬০)। তাদের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ পাঠানপাড়া গ্রামে। বাড়ির মালিক মজিদ মন্ডল পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, বাড়িটি সবসময় তালাবদ্ধ থাকত। তবে সম্প্রতি কয়েকজন বহিরাগত ব্যক্তিকে নিয়মিত যাতায়াত করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














