উলিপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের বিষপানে মৃত্যু
- সময়: ১০:১৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ৭০

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে শ্বশুরবাড়িতে বিষপানে হায়দার আলী (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দালালিপাড়া গ্রামে।
নিহত হায়দার আলী রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিদ্যানন্দপুর এলাকার জহরুল হকের ছেলে। প্রায় ১০ বছর ধরে তিনি উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দালালিপাড়া গ্রামের কাশেম মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দু’দিন আগে হায়দার আলী নিজ এলাকা কাউনিয়ায় যান। সেখান থেকে রোববার বিকেলে তিনি শ্বশুরবাড়িতে ফিরে আসেন। পরে পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
মর্মান্তিক এ ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














