এক বছর পর স্কুলে ফেরার চেষ্টা, প্রধান শিক্ষককে বের করে দিল ছাত্র-জনতা
- সময়: ১১:৩২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ৫১

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় আওয়ামী লীগ নেতা ও কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাককে স্কুল থেকে বের করে দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার কল্যাণী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক উপজেলার কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। জুলাই গণঅভ্যুত্থানের পর তার রাজনৈতিক সম্পৃক্ততার কারণে ওই স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্দোলনের মুখে তিনি দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত ছিলেন। এক পর্যায়ে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। প্রায় এক বছর পর বুধবার দুপুরে তিনি হঠাৎ করে কিছু লোকজনসহ স্কুলে ঢুকে তার অফিসে বসার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা তার উপর চড়াও হয়ে ওঠে। এক পর্যায়ে তাকে স্কুলের গেটের বাইরে বের করে দেওয়া হয়।
শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ফ্যাসিস্ট দলের একজন নেতা। তাকে তারা আর ওই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দেখতে চাননা।
প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, আমি ওই স্কুলের বৈধ প্রধান শিক্ষক। আমাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। সাময়িক বহিষ্কারের মেয়াদ ১৮০ দিন অতিবাহিত হওয়ায় আমি বিধি মোতাবেক আজ কর্মস্থলে যোগদান করতে গেলে সহকারী শিক্ষক নজরুল ইসলামের নেতৃত্বে মব সৃষ্টি করে আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে জানতে সহকারী শিক্ষক নজরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন না রিসিভ করায় বক্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস কালবেলাকে জানান, খবর পেয়ে তিনি পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া জানান, তিনি ঘটনার বিষয়ে অবগত নন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














