কাউনিয়ায় সাব্দী আলিম মাদ্রাসায় গভর্নিং বডি গোপনে তৈরির অভিযোগ নির্বাচনের পুনঃতফসিল দাবি অভিভাবকদের
- সময়: ০৯:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৭

জে এইচ সোহাগ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগে সাব্দী আলিম মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন গোপনে তফসিল ঘোষণা এবং অভিভাবকসহ ৩ পদের ৯ জন মনোনীত ব্যক্তিকে মনোনয়ন ফরম সংগ্রহের অভিযোগ উঠেছে অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে।
ব্যাপক প্রচারণা, ভোটার তালিকা প্রকাশ বা কোন নোটিশ না টাঙ্গিয়ে অনিয়মকে বৈধতা দিয়ে প্রহসনের সাজানো নির্বাচনের তফসিল বাতিল চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে মাদ্রাসার অভিভাবক ও এলাকার লোকজন।
এ ঘটনার পর এলাকায় ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সাব্দী আলিম মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচনে এবতেদায়ী, দাখিল ও আলিম মিলে সংরক্ষিত মহিলাসহ অভিভাবক সদস্য ৪ জন, দাতা সদস্য ১ জন এবং সংরক্ষিত মহিলাসহ শিক্ষক প্রতিনিধি ৪ জন মনোনীত ব্যক্তির কাগজপত্র জমা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে।
এই গভর্নিং বডি নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী। তিনি জানান, বিধি মোতাবেক গভর্নিং বডি গঠন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। এখন ইউএনও মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাদ্রাসার অভিভাবক মো. মজিদুল ইসলাম বলেন, এটা পুরোপুরি প্রহসনের নির্বাচন শুধুমাত্র কাগজে গোপনে কমিটি গঠন করছে। কোন অভিভাবককে কিছু জানানো হয়নি। বিধিবহির্ভূত ভাবে অনিয়মের সঙ্গে জড়িয়েছেন অধ্যক্ষ সাহেব। মাদ্রাসায় পকেট কমিটি গঠনের ঘোষিত তফসিল বাতিল করে পুর্নঃতফসিল দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ জানান, গভর্নিং বডি নির্বাচন নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নোটিশ দেওয়া হয়েছে। সকল বিধি মেনে তফসিল ঘোষণা করা হয়। স্বনামধন্য মাদ্রাসার ও তার সুনাম ক্ষুন্ন করতে একটি মহল মিথ্যা অভিযোগ করছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিদুল হক জানান, সাব্দী আলিম মাদ্রাসার কমিটি এখনো অনুমোদন হয়নি। গোপনে গভর্নিং বডি নির্বাচন নিয়ে অভিভাবকদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক অফিসারকে বিষয়টি তদন্ত করে জানাতে বলেছেন।
জে এইচ সোহাগ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
তারিখ- ২৮ সেপ্টেম্বর ২০২৫
মোবাইল- ০৭৩২৯৩১৮২৩
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














