কারাগারে অসুস্থ দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকায় পাঠানো হয়েছে
- সময়: ০৪:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ১৬৮

অনলাইন ডেক্সঃ
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে অসুস্থতার কারণে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে। রোববার (১৩ আগস্ট) বিকেলে কাশিমপুর কারাগারে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
জানা গেছে, রোববার বিকেলে দেলোয়ার হোসেন সাঈদী অসুস্থ হয়ে পড়লে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় তার বুকে ব্যথা হচ্ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য বিকেলেই অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে দেলোয়ার হোসেন সাঈদীর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে আনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেফার্ড করা হয়েছে।’
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১-এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, হঠাৎ দেলোয়ার হোসেন সাঈদী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেপ্তার হন সাঈদী। পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














