কালীগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড।
- সময়: ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৬২

মোঃ ইব্রাহিম সরকার, আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুয়া ডিগ্রি লাগিয়ে চিকিৎসা দেওয়া ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুর রহমান (৩১) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত হাসিবুর রহমান উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের সামছুল হকের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জানায়, উপজেলার লতাবর গ্রামে একটি চেম্বার খুলে নিজেকে ডিগ্রিধারী চিকিৎসক দাবি করে স্থানীয় সাধারণ মানুষকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছেন হাসিবুর রহমান। তার ভুয়া চিকিৎসায় ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হচ্ছেন স্থানীয়রা। এমন অভিযোগে মঙ্গলবার পুলিশ ও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও জাকিয়া সুলতানা।
ভ্রাম্যমাণ আদালতকে তার ডিগ্রির বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন হাসিবুর রহমান। একইসঙ্গে তার চেম্বার ও দোকানে নিষিদ্ধ ওষুধ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ভুয়া ডিগ্রিধারী হাসিবুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
ইউএনও জাকিয়া সুলতানা বলেন, অবৈধভাবে চিকিৎসা দেওয়া ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে হাসিবুর রহমানকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














