কুমিল্লায় চেম্বারে ঢুকে চিকিৎসকের উপর হামলা
- সময়: ১২:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ৭৫

কুমিল্লা প্রতিনিধি :- কাজী নাফিস আব্দুল্লাহ
কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় চেম্বারে ঢুকে এক চিকিৎসকের উপর হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. জহিরুল হক। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শনিবার (২১ অক্টোবর) কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার একই বিল্ডিংয়ের বাসিন্দা সালাহউদ্দিন মাহমুদ পাপ্পু এবং তার স্ত্রী-সন্তানরা মিলিয়ে ডা. জহিরুল হকের উপর হামলা চালায়। পরে মারাত্মক আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ ঘন্টা পর্যবেক্ষণ ছাড়া ওই চিকিৎসককে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সাঞ্জুর মোর্শেদ বলেন, পারিবারিক বিরোধের জের ধরে ডা. জহিরুল হকের উপর হামলা চালানো হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে চিকিৎসকের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বিপিএমপিএ কুমিল্লার সভাপতি ডা. এ কে এম আবদুস সেলিম ও সাধারণ সম্পাদক ডা. তৌফিকুন্নবী খান লিটন। তারা বলেন, আমরা মৃত্যু পথযাত্রী ডা. জহিরের উপর হামলাকারী সালাহউদ্দিন মাহমুদ পাপ্পু ও অন্যান্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














