গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবিতে উপদেষ্টা বরাবর জামায়াতের স্মারকলিপি
- সময়: ০৭:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ১৮৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপনের জোর দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের একটি দল জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি হস্তান্তর করেন। বিশিষ্ট চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. আব্দুর রহিম সরকারের নেতৃত্বে প্রতিনিধি দলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা গোবিন্দগঞ্জের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে ইপিজেড বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আমীর জনাব আব্দুল করিম, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি সাংবাদিক সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নুরুন্নবী প্রধান, বাংলাদেশ ইসলামী আন্দোলন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আকরাম হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবুল হোসেন সরকার ও মাওলানা আবুল কালাম আজাদ, ব্যবসায়ী ও সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, নাকাই হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মশিউর রহমান, বড়দহ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোঃ শেখ ফরিদ, ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, গোলাপবাগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ওয়াজিদুল ইসলাম এবং দলিল লেখক শাহরুল হুদা রিপন।
নেতৃবৃন্দ বলেন, গোবিন্দগঞ্জ একটি সম্ভাবনাময় উপজেলা এবং এখানে ইপিজেড স্থাপিত হলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে। বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা বেকারত্ব হ্রাসে সহায়ক ভূমিকা পালন করবে। তারা এই যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














