জবি ইউনিটের গুরুত্ব এবং আন্দোলনের ডাক: কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বক্তব্য
- সময়: ০৪:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ৯৮

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির জানিয়েছেন, ছাত্রদলের পরবর্তী নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি এ কথা বলেন আজ শুক্রবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জবির গুম ও আহত ছাত্রনেতাদের সুস্থতা, জুলাই আন্দোলনে নিহত জবি ছাত্র ইকরামুল হক সাজিদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং সকল শহিদের মাগফিরাত কামনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নাসির উদ্দীন নাসির বলেন, “আমরা বিশ্বাস করি, আগামীতে ছাত্রদলের যেকোনো ইউনিটে যে নেতৃত্ব আসবে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে। জুলাই বিপ্লবের মতো প্রতিটি আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের পাশে থাকবে।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন,
“ভোটাধিকার নিশ্চিত ও সুষ্ঠু নির্বাচনের জন্য আরেকটি জুলাই আন্দোলনের প্রয়োজন হতে পারে। কুচক্রী মহল সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করতে উঠেপড়ে লেগেছে, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংকটকালে আমরা জবি ছাত্রদলকে স্মরণ করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শামসুল আরেফিন। ইফতার মাহফিলে জুলাই আন্দোলনে নিহত জবি ছাত্র ইকরামুল হক সাজিদ, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ছাত্র নেতাদের স্মরণে দোয়া করা হয় এবং গুম-নিহত ছাত্রনেতাদের পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















