জাবির ১০ নং ছাত্র হলে নবীন শিক্ষার্থীদের বরণ
- সময়: ১২:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৮

আমির ফয়সাল,জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ নং ছাত্র হলে (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হলের সামনে এই বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচন এবং প্রতিনিধিদের শপথ গ্রহণের ধারাবাহিকতায় আজ তোমরা নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছে। তোমাদের সামনে রয়েছে নৈতিকতার শিক্ষা, মাদক থেকে দূরে থাকা, এবং র্যাগিং শূন্য একটি পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব।”
তিনি আরও বলেন, “তোমরা পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের আলোকে সুন্দর আচরণের মাধ্যমে হলে সুবাস ছড়াবে। বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের কাঁধে, তাই দায়িত্বশীল হতে হবে।”
হল প্রাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব বলেন, “প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এসেছো নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে। বিশ্ববিদ্যালয়ে তোমাদের মূল কাজ হবে কলম দিয়ে পড়াশোনা করা, জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। তোমাদের আচরণে, সৃজনশীলতায় ও অবদানে ফুলের মতো সুবাস ছড়াবে, যা শুধু হল বা বিশ্ববিদ্যালয় নয়, গোটা বাংলাদেশকে আলোকিত করবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, হলের র্যাগিং থেকে দূরে থাকতে হবে। র্যাগিং একটি নিকৃষ্ট ও অমানবিক কাজ; এটি কোনোভাবেই সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, “তোমাদের নিরাপত্তার জন্য, মানসিক ও শারীরিক সুরক্ষার জন্য যা যা করা দরকার, তা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নিজেদেরও সতর্ক থাকতে হবে, নৈতিকতার চর্চা করতে হবে এবং সঠিক আচরণ বজায় রাখতে হবে।”
এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন ও নবনির্বাচিত হল সংসদ সদস্যরা সম্মিলিতভাবে নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে মোট এক হাজার ৮৮৯ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আগামী ২১ সেপ্টেম্বর থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















