জুবায়েদ হত্যার বিচার দাবিতে ডিআইইউ ছাত্রদলের বিক্ষোভ, পুলিশের অবহেলা নিয়ে ক্ষোভ
- সময়: ১০:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ৫৫

ডিআইইউ প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শাখা ছাত্রদল। একইসঙ্গে তারা নিহত ছাত্রনেতার মরদেহ দীর্ঘ সময় সিঁড়িতে পড়ে থাকা নিয়ে পুলিশের চরম অবহেলা ও অমানবিকতার তীব্র নিন্দা জানিয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়ে পুরাতন ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে ডিআইইউ ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ পুলিশের অবহেলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জুবায়েদের মরদেহ ৪-৫ ঘণ্টা সিঁড়িতে পড়ে ছিল। তার মতো ত্যাগী ছাত্রনেতার প্রতি এই অবহেলা অমানবিক। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে যদি হত্যাকারীদের গ্রেফতার করা না হয়, তাহলে ডিআইইউ ছাত্রদল কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুত আছে।
বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বিচার বিচার বিচার চাই, জুবায়েদ হত্যার বিচার চাই’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মিছিলে উপস্থিত ছিলেন ডিআইইউ ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ, ১নং সহ-সভাপতি রাকিব হাসান ইমন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান এবং দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















