ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
- সময়: ০৮:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ৪৬

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির নিচে চাপা পড়ে আব্দুস সাত্তার (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক আরোহী গুরুতর আহত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের জোড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তারের বাড়ি উপজেলার অন্নদানগর ইউনিয়নের সাতদরগায়। তিনি পেশায় একজন ঘটক বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আব্দুস সাত্তার ও অপর আরোহী কাশেম আলী (৬০) একটি ইটবোঝাই ট্রলিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির চাকার নিচে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক আব্দুস সাত্তার মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই রক্তক্ষরণে মারা যান। অপর আরোহী কাশেমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে যায়। তবে ইঞ্জিনচালিত ট্রলিটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















