ডাসারে অন্ধ ব্যক্তির জমি দখলের অভিযোগ এক প্রভাবশালীর বিরুদ্ধে
- সময়: ০৭:৪৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ৫৬

বিএম আজাহার উদ্দিন
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলায় এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধের জমি ক্রয়ের বায়না করে দখল নেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানা যায়, কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী আজিজুল হক আকন দুই বছর আগে পশ্চিম মাইজপাড়া মৌজার ১২৭২ নম্বর খতিয়ানের ২৪৭১ দাগে অবস্থিত ২৮ শতাংশ জমির মধ্যে ২০ শতাংশ জমি বিক্রয়ের জন্য একই গ্রামের জাহিদ আকনের কাছ থেকে বায়না বাবদ কিছু টাকা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘদিনেও পুরো অর্থ পরিশোধ না হওয়ায় এবং জমির রেজিস্ট্রি না করায় জমি বিক্রয় থেকে সরে আসেন আজিজুল হক।
এ অবস্থায় গত বৃহস্পতিবার কোনো রকম মীমাংসা ছাড়াই জাহিদ আকন ও তার লোকজন উক্ত জমিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
ভুক্তভোগী আজিজুল হক আকন বলেন, “আমি তার কাছ থেকে বায়নার টাকা নিয়েছিলাম। কিন্তু সে দীর্ঘদিনেও পুরো টাকা দেয়নি, রেজিস্ট্রিও করেনি। এখন জোর করে জমিতে গাছ লাগিয়ে দিয়েছে। এমনকি আমার পুকুরের প্রায় ৩০ হাজার টাকার মাছ ধরে নিয়ে গেছে এবং বাড়িতে এসে আমাকে গালিগালাজ করেছে। আমি বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছি, এখন আইনের আশ্রয় নেব।”
অভিযুক্ত জাহিদ আকন বলেন, “আমি ওই দাগের ২৮ শতাংশ জমি কিনতে বায়না করেছি। কিছু টাকা বাকি থাকায় রেজিস্ট্রি হয়নি। এখন সে জমির দাম বাড়িয়ে বিক্রি করতে চাইছে। তাই আমি গাছ লাগিয়েছি। আমি এর একটা সমাধান চাই।”
এ বিষয়ে কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














