তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আনন্দ সমাবেশ
- সময়: ০৬:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ১১৫

কুমিল্লা প্রতিনিধি : আব্দুল্লাহ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় বৃহস্পতিবার বিকেলে কুমিল্লায় আনন্দ সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। বিকেলে সাড়ে ৪ টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা পাক বাহিনীকে সহায়তা করেছিল সেই চক্র আজ দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পুলিশ হত্যা করে, সাংবাদিক পিটিয়ে, বাসে আগুন দিয়ে তৃতীয় শক্তির উপর ভর করে ক্ষমতার বদল করা যাবে না। নির্ধারিত সময়ে ৭ জানুয়ারি ভোট হবে। বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের সুযোগ নেই। যারা নির্বাচন বয়কট করেছন, তাদের বলতে চাই- আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। কর্মীদের আর সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না করে নির্বাচনী মাঠে আসুন। নির্বাচনী মাঠে আপনাদের মোকাবিলা করতে চাই।
স্বাধীনতার ৫০ বছরে আমাদের প্রিয় নেত্রী বিশ্ব দরবারে জাতির মাথা উঁচু করে দিয়েছেন। এটমিক পাওয়ার প্ল্যান্ট, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। কুমিল্লার মানুষ অগ্নিসন্ত্রাসীদের বয়কট করে আগামী ৭ জানুয়ারি উৎসাহ নিয়ে ভোট দিবে। শান্তির কুমিল্লায় কাউকে অশান্তি করতে দেওয়া হবে না।
সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরের পর থেকে নগরীর ২৭টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন হল মাঠে আসেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা সমাবেশস্থলে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নগরীর টাউন হল মাঠ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














