দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী শিশু পরিবারে ব্যতিক্রমধর্মী ফল উৎসব
- সময়: ১০:৪৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৫১

লিটন আহম্মেদ
দিনাজপুর জেলা প্রতিনিধি |
দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ ১১/০৮/২৫ সোমবার বিকেলে রাজবাড়ী সরকারি শিশু পরিবার মাঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ফল উৎসব। নানা আয়োজন, প্রাণবন্ত পরিবেশ এবং ব্যতিক্রমী আনন্দঘন মুহূর্তে মুখরিত হয়ে ওঠে শিশু পরিবার প্রাঙ্গণ।
সবকিছু ছাপিয়ে উৎসবের প্রধান আকর্ষণ ছিলো রাজবাড়ী শিশু পরিবারের ছাত্র বনাম দিনাজপুর জেলা প্রশাসনের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় জেলা প্রশাসনের পক্ষে মাঠে নামেন জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। হাস্যোজ্জ্বল পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ শিশুদের জন্য হয়ে ওঠে আনন্দের বিশেষ উৎস।
রাজবাড়ী শিশু পরিবারে এমন উৎসব আয়োজন দিনাজপুরে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।এর আগে কোনো জেলা প্রশাসকের উদ্যোগে এমনভাবে শিশু পরিবারের ছাত্রদের সঙ্গে খেলাধুলা ও সময় কাটানোর নজির পাওয়া যায়নি। এতে শিশুদের মনোবল যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি তাদের সাথে প্রশাসনের আন্তরিক সম্পর্কও আরও দৃঢ় হয়েছে।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম জানান, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের আনন্দ, শিক্ষা ও শারীরিক বিকাশের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাবো। এই আয়োজন তারই একটি অংশ।”
ফল উৎসবে মৌসুমি ও দেশীয় বিভিন্ন ফলের আয়োজন করা হয়, যা শিশুরা অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করে। এছাড়াও দিনাজপুর জেলা প্রশাসকের উদ্যোগে রাজবাড়ী শিশু পরিবারে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা উন্নয়ন ও বিনোদনমূলক কার্যক্রম। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা, খেলাধুলা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন চলছে।
এমন ব্যতিক্রমী উদ্যোগে শিশু পরিবারে সবার মাঝে আনন্দ ও উৎসবের রঙ ছড়িয়ে পড়ে। উপস্থিত অভিভাবক ও স্থানীয়রা জেলা প্রশাসনের প্রশংসা করে জানান, এই ধরনের আয়োজন শিশুদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














