দুদকের উপপরিচালক পলাশ সাময়িক বরখাস্ত
- সময়: ০৯:০০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ৯৮
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক আহসানুল কবীর পলাশকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
আহসানুল কবীর পলাশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং জাল কাগজপত্র তৈরির মাধ্যমে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডকে প্ল্যান পাশের সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগের অনুসন্ধানের জন্য ২০২৩ সালের নভেম্বর মাসে তাকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে তিনি অনুসন্ধান প্রতিবেদন কমিশনে দাখিল করেননি এবং সময় বাড়ানোর জন্যও কোনো আবেদন করেননি।

দায়িত্ব পালনে অবহেলার কারণে দুর্নীতি দমন কমিশন কর্মচারী (চাকরি) বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৬ জুলাই অনুষ্ঠিত কমিশন সভায় একই বিধিমালার ৪৩(১) বিধি মোতাবেক তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
এই আদেশটি গত ৬ আগস্ট থেকে কার্যকর হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্য হবেন।
উল্লেখ্য আহসানুল কবির পলাশ রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের পদ্মপুকুরের বাসিন্দা আমিনুর রহমানের ১ম পুত্র। তার বিরুদ্ধে অবৈধভাবে নামে বেনামে প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগও রয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














