ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঐক্যের আহ্বান জবি ছাত্রফ্রন্টের
- সময়: ০২:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ৪৯
জবি সংবাদদাতা:
দেশজুড়ে ধর্ষণ ও আইনশৃঙ্খলার অবনতি রোধে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। রোববার (৯ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা” শীর্ষক মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সমাবেশে সংগঠনের নেতারা মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান।
তারা বলেন, এই নৃশংস অপরাধ দেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক ইভান তাহসীভ বলেন, “দেশে অপরাধের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে। খুন, গুম ও ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে, অথচ সরকার ব্যর্থ হয়েছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা প্রমাণ করে যে দেশে নারীরা, এমনকি শিশুরাও নিরাপদ নয়। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, বিশেষ করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।” সমাবেশে উপস্থিত শিক্ষার্থী মারুফ হাসান বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই শোচনীয় যে শিশুরাও পরিবারের নিকটাত্মীয়দের কাছেও নিরাপদ নয়। আমরা এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর চাপিয়ে বিচার ও নিরাপত্তা ব্যবস্থার দ্রুত সংস্কারের দাবি জানাই।”
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















