পরিবারকেন্দ্রিক নেতৃত্বের চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান আখতারের
- সময়: ০৯:০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / ৫১

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
পরিবারকেন্দ্রিক রাজনৈতিক চর্চা, নেতৃত্বের চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আখতার হোসেন বলেন, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হল, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোতে যে পরিবার প্রথা রয়েছে, দাদার সূত্রে বাবা, বাবার সূত্রে ছেলে অর্থাৎ নাতি এই পরম্পরায় এখানে রাজনৈতিক দলের নেতৃত্ব ঠিক হয়। আমরা মনে করি পরিবারকেন্দ্রিক যে রাজনৈতিক চর্চা, নেতৃত্বের চর্চা, সেই চর্চা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের সকল মানুষ যেন গণতন্ত্রের ভিতর দিয়ে, নিজের সক্ষমতায় বাংলাদেশকে পরিচালনার যোগ্যতা থাকলে তারা যেন সেই সুযোগটা পান সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যূত্থানে যে দাবি, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যারা রাজপথে জীবন দিয়েছেন, অনেকের অঙ্গহানি হয়েছে। সেই লক্ষ্য ও উদ্দেশ্য যদি আমরা বাস্তবে রুপদান না করতে পারি, তাহলে তাদের জীবন দেওয়ার কোন স্বার্থকতা থাকবেনা। জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশকে এমন এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে নিয়ে চায়, যেখানে দূর্নীতি, লুটপাট, একনায়কতন্ত্র, এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা, বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার সংস্কৃতি আর থাকবেনা।
তিনি আরও বলেন, বৃটিশ কবল থেকে মুক্ত হয়ে আমরা পাকিস্তান নামক দেশ পেয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম পাকিস্তানের পশ্চিম অংশের শাসকেরা পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশের মানুষদের উপড়ে তারা নানাভাবে বৈষম্য চাপিয়ে দিল। এসব শোষন নিপীড়নের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছিল। কিন্তু দূর্ভাগ্যের বিষয় গত ৫৩ বছর এই দেশের মানুষ নির্যাতন, নিপীড়ন, বঞ্চনার ভিতর দিয়ে গিয়েছে। সর্বশেষ গত ১৬ বছর এক জুলুমবাজ, ফ্যাসিবাদী স্বৈরশাসক বাংলাদেশের ক্ষমতার মসনদ দখল করে রেখেছিল। বিরোধী মতের মানুষদের দমন-পীড়ন করা হয়েছে। ছাত্র-জনতা জুলাই অভ্যূত্থানে সেই স্বৈরশাসককে ক্ষমতার মসনদ থেকে ছুড়ে ফেলেছে। আমরা সেই ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটিতে পূনর্বাসন আর বরদাস্ত করবোনা।
উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত ওই মত বিনিময় সভায় এম আলমগীর কবিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পীরগাছার শহীদ মঞ্জুরুল ইসলামের স্ত্রী, শহীদ মামুনের ছোট বোন, শহীদ সাইফুল ইসলামের স্ত্রী, সংগঠক রাকিবুল ইসলাম রকি, রফিকুল ইসলাম কনক, জাহাঙ্গীর আলম জীবন, আলমগীর নয়ন, পীরগাছা মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম প্রমুখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.













