পীরগাছায় প্রবাসী দম্পতির উপর হামলা, গ্রেপ্তার-১
- সময়: ০৪:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৩৯

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় নিজের কেনা জমি ভাতিজার জবর দখল থেকে উদ্ধার করতে গিয়ে লন্ডন প্রবাসী দম্পতি ড. মো. আনসার মোস্তাকিম ও তার স্ত্রী সৈয়দা আনজুমআরা বেগম হামলার শিকার হয়েছেন। অভিযোগ অনুযায়ী, তাদের শারীরিকভাবে নির্যাতন, হত্যার চেষ্টা এবং স্বর্ণালংকার লুট করা হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কিসামত পারুল গ্রামে। ওই রাতেই ভুক্তভোগী সৈয়দা আনজুম আরা বেগম পীরগাছা থানায় মামলা দায়ের করেন। পীরগাছা থানা পুলিশ অভিযুক্ত মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করে সোমবার (২৭ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
অভিযোগে বলা হয়েছে, ড. মো. আনসার মোস্তাকিম ও তার স্ত্রী দীর্ঘদিন বিদেশে বসবাস করেন। প্রায় ১০-১৫ বছর আগে তারা ওই এলাকায় ২ একর জমি ক্রয় করেন, যা দেখভালের দায়িত্বে ছিলেন তাদের বোন হাজেরা বেগম ও ভগ্নিপতি। কিন্তু ড. মোস্তাকিমের ভাই আব্দুস সামাদের ছেলে মঞ্জুরুল ইসলাম জমিটি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলে রেখেছেন।
সম্প্রতি দেশে ফিরে প্রবাসী দম্পতি জমি মাপতে গেলে মঞ্জুরুল ইসলাম ও তার সহযোগীরা তাদের উপর হামলা চালায়। এ সময় সৈয়দা আনজুম আরা বেগমকে মারধর করে গলা চেপে হত্যার চেষ্টা করা হয় এবং গলায় থাকা ১.৫ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা। স্থানীয়দের সহায়তায় আহত আনজুম আরা বেগমকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ড. মো. আনসার মোস্তাকিম বলেন, আমার বৈধভাবে কেনা জমি জোরপূর্বক দখল করা হয়েছে। জমি উদ্ধার করতে গেলে আমাদের উপর হামলা চালানো হয়। আমরা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে সন্ত্রাসীরা হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ব্যপারে রোববার (২৬ জানুয়ারি) এই প্রতিবেদকের সাথে অভিযুক্ত মঞ্জুরুল ইসলামের কথা হলে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। তিনি জানান, দেনা-পাওনার বিরোধের কারণে তিনি জমি দখল করেছেন এবং পাওনা মিটিয়ে দিলে জমি ছেড়ে দেবেন।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মামলা হয়েছে এবং একজন আসামীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.













