পীরগাছায় হারানো চেক দিয়ে বিএনপি নেতাকে হেনস্থার অভিযোগ
- সময়: ০১:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ৩৩

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় হারিয়ে যাওয়া একটি চেক বই ও তার পাতা দিয়ে বিএনপি নেতা আহাম্মদ আলী (৪৬) কে হয়রানি ও হেনন্থার অভিযোগ উঠেছে। আহম্মদ আলী উপজেলার ৬নং তাম্বুলপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি। এ ঘটনায় ওই নেতা রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযুক্তদের বিরুদ্ধে পীরগাছা থানায় একটি লিখিত এজাহার জমা দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ১০ অক্টোবর অগ্রণী ব্যাংক পিএলসি নেকমামুদহাট শাখায় টাকা উত্তোলনের জন্য গেলে নিজের অজান্তে একটি চেক বই হারিয়ে ফেলেন বিএনপি নেতা আহম্মদ আলী। ওই চেক বইয়ে একটি পাতা স্বাক্ষর করা ছিল। যা অনেক খোঁজাখুজি করে না পেয়ে একই বছরের ২৩ অক্টোবর পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (নং-১২০৩) করেন এবং ব্যাংক কর্তৃপক্ষকেও অবগত করেন।
পরবর্তীতে দীর্ঘ ১১ মাস পর গত ১৯ আগস্ট ২০২৫ তারিখে হারানো ওই চেক বইয়ে স্বাক্ষরিত পাতাটি অগ্রণী ব্যাংক পিএলসি পীরগাছা শাখায় জমা দেন অভিযুক্তরা। পরে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি চেকের মূল মালিক বিএনপি নেতা আহম্মদ আলীকে জানান।
পরদিন আহাম্মদ আলী স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে অভিযুক্ত ফাহিমা বেগম (৫০), নজরুল ইসলাম (৫৫) ও রেজাউল করিমের (৪৮) বাড়িতে যান। তখন অভিযুক্তরা প্রথমে স্বীকার করেন যে তারা ব্যাংকের সামনে থেকে চেক বইটি পেয়েছেন। পরে তারা ওই বিএনপি নেতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে সাজানো মামলায় জড়ানোর হুমকি দেন। এ সময় অভিযুক্তরা তাকে মারধরও করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ফাহিমা বেগম বলেন, আহাম্মদ আলীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা তার কাছে টাকা পাই। তিনিই আমাদের সাথে প্রতারনা করেছেন।
এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এজাহারটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














