বরখাস্তের ২৪ ঘণ্টার মধ্যেই রংপুরে যুক্ত করা হলো সেই এডিসি হারুনকে
- সময়: ০৩:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ৯১

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে পেটানোর ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদকে এবার রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান স্বাক্ষরিত করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে সোমবার (১০ সেপ্টেম্বর) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এডিসি হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। নারীঘটিত একটি ঘটনার জেরে এ ঘটনা ঘটে।
এরপর শাহবাগ থানায় নিয়ে তাদের নির্যাতনের পর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন।
ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে, এডিসি হারুন শনিবার রাতে এক নারীর সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। সেসময় ওই নারীর স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং তাদের দুজনকে একসঙ্গে পান।
সেখানে ছাত্রলীগের নেতাদের সঙ্গে এডিসি হারুনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে পুলিশ ফোর্স নিয়ে এসে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে বেদম মারধর করেন পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














