বস্ত্রহীনদের শীতবস্ত্র বিতরণে ইবির তারুণ্য
- সময়: ১০:২৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
- / ৭৫

ইবি প্রতিনিধি:
‘অবারিত সম্ভবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ শ্লোগানকে সামনে রেখে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ-২০২৪ আয়োজন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে একঝাঁক তরুণ শিক্ষার্থী ইবির সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত অরাজনৈতিক, জনকল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য’র উদ্দোগে ঝিনাইদহ সদর এবং ঝিনাইদহের চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রায় ২ শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটি।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল খলিলুর রহমান, সংগঠনটির সভাপতি মো: মারুফ হোসেন ও সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম, কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর সভাপতি শাহীদ কাওসার সহ সাবেক ও বর্তমান একঝাঁক তারুণ্য সদস্যবৃন্দ।
তারুণ্য’র সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় বলেন, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে ‘তারুণ্য’। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ, তারুণ্য লাইব্রেরি, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতাসহ নানাবিধ সামাজিক কাজ করে যাচ্ছে ‘তারুণ্য’। এরই ধারাবাহিকতায় আজ শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করছি। আমি সেই সব ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাতে চাই যারা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করে সহযোগিতা করেছেন।
তারুণ্যের বর্তমান সভাপতি মো: মারুফ হোসেন বলেন, এই কনকনে শীতে আপনাদের পাশে দাঁড়াতে পারাটাই আমাদের বড় প্রাপ্তি। আমাদের কোনো নিজস্ব ফান্ড নেই। গত ডিসেম্বর থেকে আমরা একঝাঁক তরুণ কুষ্টিয়া, ঝিনাইদহ এবং পোড়াদহ ইত্যাদি জায়গা থেকে অর্থ সংগ্রহ করে আজ ১৭০টি পরিবারে উঞ্চতা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি। প্রতিবছর ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
বিতরণী অনুষ্ঠানের অতিথি প্রিন্সিপাল খলিলুর রহমান বলেন, গতকাল একঝাঁক তরুণ সরেজমিনে গিয়ে শীতার্ত মানুষের তালিকাভুক্ত করা এবং সংগ্রহ করা অর্থায়নে মানুষের পাশে থাকা দেখে আমি অভিভূত। আবারও প্রমাণ হল- শিক্ষিত জাতি মানে সুন্দর পরিবেশ সৃষ্টি করা। এখানে যারা নিতে আসছে তারা আসলেই পাওয়ার যোগ্য। ধন্যবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের এমন শিক্ষার্থীদের যাদের শরীরের পোশাক না মুড়িয়ে আমাদের ৪-৫ টা গ্রামের কথা চিন্তা করছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















