বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নেতৃত্বে রুয়েট ভিসি ড. এস এম আব্দুর রাজ্জাক
- সময়: ১০:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ৩৮

রুয়ট প্রতিনিধি:পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলরদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উপাচার্য ড. এস এম আব্দুর রাজ্জাক। সম্প্রতি অনুষ্ঠিত পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে গঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ উচ্চশিক্ষার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই পরিষদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নীতিমালা প্রণয়ন, শিক্ষাক্রমের আধুনিকীকরণ, নতুন ও সময়োপযোগী কোর্স চালু এবং গবেষণাবান্ধব পরিবেশ তৈরিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়।
এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত সমন্বয় জোরদার করা, কৌশলগত পরিকল্পনা গ্রহণ এবং অভিন্ন নীতিমালা বাস্তবায়নে পরিষদটি সক্রিয় ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনায় বাজেট পরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গবেষণা ও উন্নয়ন খাতে তহবিল সংগ্রহেও পরিষদের অবদান উল্লেখযোগ্য।
উচ্চশিক্ষা সংশ্লিষ্ট আইন ও নীতিমালা প্রণয়নে সরকারকে পরামর্শ প্রদান এবং বিশ্ববিদ্যালয়গুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করাও পরিষদের অন্যতম দায়িত্ব।
ড. এস এম আব্দুর রাজ্জাকের এই নির্বাচনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট মহল সন্তোষ প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















