ভোরের শুভ্রতা ও সন্ধ্যার সুবাসে শিউলিতে ভেজা কুবি ক্যাম্পাস
- সময়: ০৩:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ৪৬

ইউনূস সুজন, কুবি প্রতিনিধি
সন্ধ্যা নামছে ধীরে ধীরে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ আব্দুল কাইয়ূম চত্বরে এবং ফ্যাকাল্টি রোডের বাতাসে মিশে যাচ্ছে এক অচেনা মিষ্টি ঘ্রাণ। দূর থেকে মনে হয়, কেউ হয়তো সুগন্ধ ছিটিয়ে দিয়েছে নিঃশব্দে। কিন্তু না, ওটা মানুষের নয়, প্রকৃতির নিজের সৃষ্টি শিউলি ফুলের সুবাস।
সঙ্গে সঙ্গে শিউলি গাছগুলো জেগে ওঠে। একে একে ফুটে ওঠে শুভ্র পাপড়িগুলো, যাদের নিচের টিউবের মতো ডাঁটা কমলা রঙের। যেন সাদা রাত্রির গায়ে কমলার আগুনের ছোঁয়া। রাতভর সুবাস বিলিয়ে ভোরের আগে নীরবে ঝরে পড়ে তারা। মাটিতে ছড়িয়ে দেয় সৌন্দর্যের গালিচা। সকালের প্রথম আলোয় দেখা যায়, ফ্যাকাল্টি রোড মুখে সাদা-কমলার বিছানা। শিশিরে ভেজা সেই দৃশ্য মনে করিয়ে দেয় শরতের কবিতা, যেখানে প্রতিটি পাপড়িই একেকটি স্তবক।
ছোট ছোট শুভ্র ফুলগুলো আমাদের মনকেও শুভ্র করে দেয়। শিউলির ঘ্রাণে কুবি যেন এক জীবন্ত কবিতা হয়ে ওঠে। আর রাতের ক্যাম্পাস মানেই শিউলির সুবাস। এই গন্ধে মন প্রশান্ত হয়, মনে হয় শরৎ নিজে হেঁটে বেড়াচ্ছে কুবি ক্যাম্পাসে।
শরতের দূত শিউলি কেবল চোখ ও নাকে আনন্দ দেয় না, দেহেও আনে আরাম। আয়ুর্বেদ মতে, শিউলি পাতা সায়াটিকা, আর্থারাইটিস ও জ্বর নিরাময়ে কার্যকর। এর বীজ মাথার খুশকি দূর করতে সহায়ক। ভোরে ২-৩টি শিউলি পাতা ও তুলসীপাতা ফুটিয়ে পান করলে মেলে প্রাকৃতিক আরাম—যেন প্রকৃতির নিজস্ব হার্বাল এটি।
ভোরবেলা কুবি ক্যাম্পাসে হাঁটলে দেখা যায়—ছাত্রীরা ফুল কুড়িয়ে হাতে নিয়ে হাসছে, কেউ কেউ বইয়ের পাতায় লুকিয়ে রাখছে একটি ফুল, কেউ সাজাচ্ছে নামের অক্ষর। আবাসিক হলের অনেক শিক্ষার্থীই ঘুম থেকে উঠেই ছুটে যান শিউলির ঘ্রাণে মুগ্ধ হতে।
প্রত্নতত্ত্ব বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী জুবায়ের হাসান রাফাত বলেন,
“প্রতিদিন সকালে ফ্যাকাল্টি রোড দিয়ে হাঁটি। মাটিতে ছড়িয়ে থাকা শিউলির ওপর দিয়ে হাঁটার সময় মনে হয় যেন ফুলের কার্পেট বিছানো। বইয়ের পাতা থেকে ভিন্ন এক প্রশান্তি পাই তখন।”
অন্যদিকে বাংলা বিভাগের ছাত্রী নিশাত জাহান বলেন,
“শিউলি আমার কাছে খুবই পছন্দের ফুল, ভোরে যখন শিউলির গন্ধে চারপাশ ভরে যায়, মনে হয় জীবনটা আবার নতুন করে শুরু হচ্ছে। ক্লাসে যাওয়ার আগে একটা শিউলি কুড়িয়ে চুলে পরি ; এই ছোট অভ্যাসটাই দিনটাকে সুন্দর করে দেয়।”
আকাশে ভাসছে তুলার মতো মেঘ, বাতাসে মিশে আছে শিউলির গন্ধ। কুবি ক্যাম্পাসে হাঁটলেই মনে হয়, প্রতিটি পদক্ষেপ একেকটি কবিতার লাইন। ভোরের বিষণ্ণতা আর রাতের সুবাস মিলিয়ে শিউলি যেন বলে যায়, “আমি ক্ষণস্থায়ী, কিন্তু আমার ঘ্রাণ চিরন্তন।”
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















