সাংবাদিক সাজুর আগাম জামিন দিয়েছে হাইকোর্ট
- সময়: ০৯:৪০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ৪২

মোঃ রয়িসুল সরকার রোমন
স্টাফ রিপোর্টার:
দৈনিক মানবকন্ঠ ও বাংলাদেশ জার্নালের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজুর আগাম জামিন দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান এবং বিচারপতি আতাবুল্লাহ-র যৌথ বেঞ্চ ৮ সপ্তাহের আগাম এ জামিন প্রদান করেন। মঙ্গলবার (৩০ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবি মাজেদুল ইসলাম পাটোয়ারী।
এর আগে গত ১৮ জুলাই কোটা সংস্কারকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ২০ জুলাই লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু একটি মামলা দায়ের করেন। সেই মামলায় দৈনিক মানবকন্ঠ ও বাংলাদেশ জানার্লের সাংবাদিক আসাদুজ্জামান সাজু ও কলকাতা টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আসামী করা হয়।
সাংবাদিক আসাদুজ্জামান সাজু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জানা গেছে, জেলার হাতীবান্ধায় গত ১৮ জুলাই কোটা সংস্কারকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের পর আনন্দ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করেন এবং আরটিভির সাংবাদিক শাহ আলমকে লাঞ্চিত করে ছাত্রলীগ। একই সময় দৈনিক মানবকন্ঠ ও বাংলাদেশ জানার্লের প্রতিনিধি আসাদুজ্জামান সাজুর অফিসেও হামলা করা হয়।
তার আগে ১৭ জুলাই ওই উপজেলার বড়খাতায় সাংবাদিক মাজাহারুল রিফাত নামে এক সাংবাদিককে মারধর করেন ছাত্রলীগ।
উল্লেখ্য, লালমনিরহাটে কোটা সংস্কারের আন্দোলনের রোষানলে পড়ে হামলা, মামলা ও লঞ্চিত হয়েছে ৬ জন সাংবাদিক। তাদের মধ্যে ৩ জনের নামে মামলা, ২ জন সাংবাদিককে মারধর ও ১ জন সাংবাদিককে লাঞ্চিত করা হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















