সাদুল্লাপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
- সময়: ০৩:০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ৬২

মোঃ রিয়াদ প্রধান
সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সন্তোলা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছে রুম্পা (১৬) নামে এক ছাত্রী। সে ভাতগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ওই গ্রামের উজ্জ্বল মোল্লার মেয়ে।
জানা গেছে, গত ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে ফলাফল জানার পর অভিমানে রুম্পা নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই (শুক্রবার) রাত তিনটার দিকে রুম্পা মারা যায়।
পরদিন সকালে তার মরদেহ বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু বলেন, “উজ্জ্বল মোল্লার তিন সন্তানের মধ্যে রুম্পা ছিল মেজো। পরীক্ষায় ফেল করার পর মানসিকভাবে ভেঙে পড়ে এবং দুঃখজনকভাবে আত্মহত্যার পথ বেছে নেয়।”
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ধরনের ঘটনা আমাদের সমাজে শিক্ষার্থীদের প্রতি অধিক মনোযোগ ও মানসিক সহায়তার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। শুধু ফলাফল নয়, তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দৃষ্টি দেওয়া জরুরি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














