সাদুল্লাপুরে ঝড়ে পড়া গাছ নিয়ে গোপনীয়তায় গরমিল, জেলা পরিষদের কর্মকর্তার বিরুদ্ধে প্রশ্ন
- সময়: ০৩:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৫১

সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি
মোঃ রিয়াদ প্রধান
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর এলাকায় সাম্প্রতিক ঝড়ে রাস্তার পাশে থাকা একটি গাছ পড়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় গাছটি হস্তান্তর করেন জেলা পরিষদ গাইবান্ধার একজন সার্ভেয়ার।
তবে পরবর্তীতে গাছটি সরকারি নিয়মে নিলামে না তুলে, কোনো ঘোষণা ছাড়াই কীভাবে এবং কোথায় সরিয়ে নেওয়া হলো—তা নিয়ে এলাকায় ব্যাপক প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা পরিষদের কিছু কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে নিয়ম না মেনেই গোপনে গাছ বিক্রয় বা সরিয়ে নেওয়ার ঘটনা ঘটছে।
এর আগে জামালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে, বিশেষ করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও কিছু নামধারী ঠিকাদারের বিরুদ্ধে রাস্তার পাশে থাকা গাছ অবৈধভাবে কেটে নেওয়ার একাধিক অভিযোগ উঠলেও প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় একাধিক সূত্র জানায়, নিয়ম অনুযায়ী ঝড়ে পড়ে যাওয়া বা কাটার উপযোগী রাস্তার গাছ জেলা পরিষদের মাধ্যমে তালিকাভুক্ত করে উন্মুক্ত নিলামে বিক্রয় করার বিধান থাকলেও, সেসব নিয়মকে পাশ কাটিয়ে দিনের পর দিন চলে গোপনীয় চুক্তি ও ম্যানেজমেন্টের খেলা।
স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা এই ধরনের অবৈধ গাছ কাটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন—”প্রতিটি গাছই জনসম্পদ, পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু অসাধু ব্যক্তি ও প্রশাসনের মধ্যে সমন্বয়ে একে বাণিজ্যে পরিণত করা হচ্ছে।”
তারা দ্রুত বিষয়টির তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














