সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল কবীর ফারুক গ্রেফতার
- সময়: ১২:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ৪৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল কবীর ফারুক (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাতে গাইবান্ধা জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে সদর থানার পুলিশ।
আটক শহীদুল্লাহেল কবীর ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশাররফ হোসেন নওশার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শহীদুল্লাহেল কবীর ফারুকের সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলায় তাকে আগেও গ্রেফতার করা হয়েছিল।
এর আগে, গত বছরের ২২ ডিসেম্বর গাইবান্ধা জেলা শহরের পলাশপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তিনি আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, জামিনের পর থেকে শহীদুল্লাহেল কবীর ফারুক প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, ফারুককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














