হাঁস নিয়ে ঝগড়ার জেরে বৃদ্ধকে গলা টিপে হত্যা
- সময়: ১১:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৫০

আকাশ দাশ সৈকত,চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের মিরসরাইয়ে ১৩নং মায়ানি ইউনিয়নের হামিদ মুহুরি বাড়িতে হাঁস নিয়ে ঝগড়ার জেরে ফজলুল করিম (৬৯) নামের এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মায়ানি ইউনিয়নের মধ্যম মায়ানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলুল করিম ওই বাড়ির মৃত শেখ আহমদের ছেলে।
জানা যায় , গত রোববার ফজলুল করিমের একটি হাঁস ধরে নিয়ে আটকে রাখেন একই বাড়ির বাসিন্দা মোহাম্মদ ফয়জুল্লাহ। গতকাল বিকেলে ফজলুল করিমের স্ত্রী ফয়জুল্লাহর ঘরে গিয়ে হাঁসটি নিয়ে আসেন। বিষয়টি নিয়ে আজ সকাল সাড়ে ৯ টার দিকে ফজলুল করিমের সঙ্গে ফয়জুল্লাহর ছেলে মোহাম্মদ জাকারিয়া জাহেদের (৩৫) বাগ্বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে জাকারিয়া ফজলুল করিমের গলা টিপে ধরেন। এমন অবস্থায় ফজলুল করিম অচেতন হয়ে পড়লে স্বজনেরা তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।
এই বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হাঁস নিয়ে ঝগড়ার এক পর্যায়ে এস এম ফজলুল করিমকে গলা টিপে হত্যা করা হয়েছে। অভিযুক্ত যুবককে আটকের জন্য পুলিশের অভিযান চলমান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














