উলিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- সময়: ১১:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ১৮৮

শাহজাহান খন্দকার
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উলিপুর, কুড়িগ্রাম-এর আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা।
অনুষ্ঠানে জানানো হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, গম, মসুর, মুগ, খেসারী, শীতকালীন পেঁয়াজ, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড), চিনাবাদাম ও অড়হড়সহ বিভিন্ন রবি ফসলের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে কৃষকদের মাঝে প্রণোদনা প্রদান করছে। এতে কৃষকের উৎপাদন ব্যয় কমে যায় এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৪,৩৮৫ জন কৃষক এই প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার পাচ্ছেন। ইউনিয়নভিত্তিকভাবে উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি কৃষক ১ বিঘা জমিতে নির্দিষ্ট ফসলের জন্য নিম্নলিখিত সহায়তা পান—
সরিষা বীজ: ১ কেজি
গম বীজ: ২০ কেজি
সূর্যমুখী বীজ: ১ কেজি
শীতকালীন পেঁয়াজ বীজ: ১ কেজি
চিনাবাদাম বীজ: ১০ কেজি
মুগ বীজ: ৫ কেজি
মসুর বীজ: ৫ কেজি
খেসারী বীজ: ৮ কেজি
অড়হড় বীজ: ২ কেজি
ডিএপি সার: ৫-১০ কেজি এবং এমওপি সার: ৫-১০ কেজি (ফসলভেদে)।
বিতরণ কার্যক্রমে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ আফরোজা পারভীন নিভা, উপজেলা সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা বলেন, এ ধরনের সরকারি সহায়তা কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রতি তাদের আস্থা বাড়ায়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















