সবজি নার্সারিতে সম্ভাবনার স্বপ্ন বুনছেন পীরগাছার বেলাল
- সময়: ১১:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৪

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
বেলাল হোসেন পেশায় একজন বীজ ও কীটনাশক ব্যবসায়ী। প্রায় ১৫-১৬ বছর ধরে তিনি এ পেশায় রয়েছেন। এ কারনে কৃষি ও কৃষকের সাথে তার নিবিড় একটা সম্পর্ক। তিনি দেখেছেন, কৃষকরা অনেক সময় সবজির বীজ কিনে প্রতারিত হচ্ছেন, আবার অনেকে সঠিক পদ্ধতিতে চারা উৎপাদন করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চিন্তা করলেন কিভাবে কৃষকদের এই ক্ষতি থেকে রক্ষা করা যায়।
এই চিন্তায় দেড় বছর আগে স্থানীয় এক কৃষকের ৭৯ শতক জমি লিজ নিয়ে কৃষি বিভাগের সহায়তায় শুরু করেন আধুনিক পদ্ধতিতে সবজির চারা উৎপাদন। ইতোমধ্যে তার নার্সারি থেকে চারা কৃষকরা বেশ সাফল্য পাচ্ছেন । সেই সাথে তিনি স্বপ্ন দেখছেন কৃষিতে দারুণ এক সম্ভাবনার।
বেলাল হোসেনের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার চন্ডিপুর গ্রামে। তবে তার নার্সারিটির অবস্থান অনন্তরাম বড়বাড়ি গ্রামে। যার নাম দিয়েছেন তিনি ‘আলহামদুলিল্লাহ স্পেশাল নার্সারি’।
সরেজমিনে বেলাল হোসেনের নার্সারিতে গিয়ে দেখা যায়, চারপাশে নেট দিয়ে ঘেরা। উপরে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। প্লাস্টিক ট্রেতে কোকোপিটের মিশ্রণে বীজ বপন করা হচ্ছে। কেউ স্প্রে করছেন, কেউ নিড়ানি দিচ্ছেন—সব মিলিয়ে কর্মব্যস্ত পরিবেশ।
এ সময় কথা হয় উদ্যোক্তা বেলাল হোসেনের সাথে। জানালেন তার কৃষি উদ্যোক্তা হওয়ার পেছনের গল্প।
তিনি আরও জানান, তার নার্সারিতে অত্যাধুনিক প্রযুক্তি ও নিয়ন্ত্রিত পরিবেশে পোকামাকড় ও রোগবালাইমুক্ত চারা উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি তিনি মানসম্মত বীজও উৎপাদন করছেন। বর্তমানে তার নার্সারিতে সাতজন শ্রমিক কাজ করছেন। তিনি আশা করছেন, সব খরচ বাদ দিয়ে বছরে ৫-৭ লাখ টাকা লাভ হবে। তবে তার কাছে আর্থিক লাভের চেয়ে বড় তৃপ্তি হচ্ছে—ভালো মানের চারা দিয়ে কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করা।
নার্সারিতে কর্মরত এক নারী শ্রমিক বলেন, আগে কোনো কাজ ছিল না। এখন এখানে কাজ করে সংসার চালাতে পারছি। জীবন অনেক সহজ হয়েছে।
কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, আগে বীজ কিনে অনেক সময় প্রতারিত হয়েছি। ভালো মানের চারা তৈরি করতে ব্যর্থ হতাম। এখন বেলালের নার্সারি থেকে মানসম্মত চারা কিনে ভালো ফলন পাচ্ছি।
পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বেলাল হোসেনসহ বেশ কয়েকজন উদ্যোক্তা আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদন করছেন। তাদের উৎপাদিত চারা কিনে কৃষকরা অধিক ফলন পাচ্ছেন। কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা নিয়মিত এসব নার্সারি পর্যবেক্ষণ করছি এবং সহায়তা দিচ্ছি।
কৃষি শুধু জীবিকা নয়, হতে পারে সফল উদ্যোক্তা হওয়ারও ক্ষেত্র—এর বাস্তব উদাহরণ বেলাল হোসেন। তার নার্সারি এখন শুধু কৃষকদের আস্থার জায়গাই নয়, কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরির অনুপ্রেরণাও। বেলাল স্বপ্ন দেখছেন, তার এই উদ্যোগ একদিন হবে দেশের অন্যতম অত্যাধুনিক সবজি নার্সারি প্রকল্প।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















