চিলমারীতে জুয়া খেলার সময় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ১৪
- সময়: ০৯:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ৬১
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে জামায়াত নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার আবু বক্করের বাড়ির একটি ঘরে অভিযান চালানো হয়। সেখানে জুয়ার আসরে বসা অবস্থায় ১৪ জনকে আটক করা হয়। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জামাদি এবং নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নয়ারহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আ. মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)।
ওসি মতিয়ার রহমান বলেন, “আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।”
এ বিষয়ে চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন, “যারা খারাপ কিছু করেছে, তাদের জায়গায় নতুন নেতৃত্ব আনা হবে। জামায়াতে এমন কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই।”
স্থানীয়ভাবে এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















