তিস্তায় ভেসে আসা মরদেহটি সিকিমের সাবেক শিক্ষামন্ত্রীর
- সময়: ০৬:৩৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
- / ৪৪

মোঃ রয়িসুল সরকার রোমন
স্টাফ রিপোর্টার:
তিস্তা নদীর স্রোতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় মরদেহটির পরিচয় জানা গেছে। মরদেহটি ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী আরসি পাউডেলের বলে সনাক্ত করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।
এর আগে সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকার মাঝের চর থেকে গলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিস্তা নদীর বাম তীরের উপজেলা আদিতমারীর সলেডি স্প্যার বাঁধ-২ এলাকার মাঝের চরে তিস্তার পানি কমে গেলে চরে একটি মরদেহ আটকে যায়। মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মরদেহের হাতে একটি ঘড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না।
দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহটিতে পচন ধরায় পরিচয় সনাক্ত করতে পারছিল না কেউ। পরে হাত ঘড়ি ও প্রযুক্তি ব্যবহার করে মরদেহের পরিচয় সনাক্ত করে পুলিশ। তিনি ৭ জুলাই থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মৃত ব্যক্তি আরসি পাউডেল ভারতের সিকিম রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ধারণা করা হচ্ছে, তার মরদেহ তিস্তা নদীতে ভেসে আসে বাংলাদেশে। পরিচয় সনাক্তের পর তার মরদেহ লালমনিরহাট মর্গ থেকে বুড়িমারী স্থলবন্দরে পাঠায় পুলিশ। সেখানে উভয় দেশের প্রশাসনের উপস্থিতিতে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















